বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয় গত রবিবার রাতে। বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক এই ছাত্রকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগের এক নেতার কক্ষে ডেকে নিয়ে নির্যাতন চালানো হয় বলে বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকার রিপোর্টে অভিযোগ উঠেছে।

আবরার হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জড়িতদের ধরা হয়েছে, অপরাধীদের শাস্তি হবে, তারপরও আন্দোলন কেন?

আবরারের বাবা বরকত উল্লাহর করা হত্যামামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন, অনীক সরকার, মেফতাহুল ইসলাম, ইফতি মোশারফ, বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ ওরফে মুন্না, ছাত্রলীগের সদস্য মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম ওরফে তানভীর, মোহাজিদুর রহমান, শামসুল আরেফিন, মনিরুজ্জামান, আকাশ হোসেন, মিজানুর রহমান (আবরারের রুমমেট), ছাত্রলীগ নেতা অমিত সাহা এবং হোসেন মোহাম্মদ তোহা।