মানবাধিকার কর্মীরা বলছেন, পরিস্থিতির তো কোন উন্নতি হয়নি, বরং মানবাধিকার লঙ্ঘনের যে সহ্যসীমা সেটা অতিক্রম করার পর্যায়ে রয়েছে। সংখ্যালঘু নির্যাতন, গুম, ক্রসফায়ারে এখন ভয়ের চাদরে আবৃত হয়ে গেছে মানবাধিকার।

২০২১ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের পর্যবেক্ষন রিপোর্ট প্রকাশ করেছে শুক্রবার। তাদের পর্যবেক্ষণ হলো, “বিচারহীনতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, ধর্ষণসহ সমাজে এমন একটি অবস্থা তৈরি হয়েছে, যা ভীতিকর। সারাদেশ আজ ভয়ের চাদরে আবৃত।  ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ নানা কারণে বছরজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষক, নারী-অধিকারকর্মী, বিরোধী দল, সমালোচক ও আইনজীবীদের জন্য পরিস্থিতি প্রতিকূলে ছিল।” বিশেষ করে গুমের সংখ্যা কিছুটা কমলেও ক্রসফায়ার বেড়ে যাওয়ায় উদ্বেগ অনেক বেড়েছে। ক্রসফায়ারের সংখ্যা আগের বছরগুলোর তুলনায় কমেনি।

মানবাধিকার কর্মী সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, “মানবাধিকারের যে সূচকগুলো আছে সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবেন বাংলাদেশের কতজন মানুষ মনে করছেন তারা স্বাধীনভাবে কথা বলতে পারেন? বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন বা স্বাধীনভাবে প্রতিদিনকার জীবন নির্বাহ করতে পারেন? এটা একটা সূচক। আরেকটা সূচক হল, মানুষের যদি কোন অধিকার লঙ্ঘিত হয় তাহলে তারা কী ন্যায় বিচার প্রত্যাশা করেন? কেউ কী মনে করেন, আমি এই সমাজের একজন নাগরিক আমার অধিকার লঙ্ঘিত হলে আমি ন্যায়বিচার পাব? এই প্রত্যাশা কতখানি বিরাজমান সমাজে? তৃতীয় সূচকটা হল, তারা কতখানি নির্ভয়ে বসবাস করতে পারছে? আমি যে ধর্মের হই না কেন, পরিচয় যাই হোক না কেন এই দেশটা এমন একটা দেশ যেখানে আমি নির্ভয়ে বাস করতে পারি? সবকিছু বাদ দিয়ে যদি এই তিনটা সূচক নিয়েই যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসন বা সরকারের জবাবদিহির অভাব রয়েছে। যে কারণে সড়ক দুর্ঘটনা, লঞ্চডুবি বা নারী নির্যাতন হোক আর সংখ্যালঘু নির্যাতন হোক কোথাও কোন বিচার হচ্ছে না। পূজার সময় হিন্দুদের উপর যে নির্যাতনটা হয়ে গেল সেটার কোন বিচার হয় না। রাষ্ট্রের মানবাধিকার রক্ষা করার যে দায়িত্ব সেটা সুচারুভাবে পালিত হচ্ছে না। এটা প্রতিনিয়ত নিম্নমুখী। কোথাও এটার উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না।”