বাংলাদেশের রাজনীতিতে বহু রেকর্ডের বছর ২০১৯। আওয়ামী লীগ ও শেখ হাসিনার টানা তৃতীয়বার ক্ষমতা গ্রহণের বছর। বাংলাদেশের রাজনীতিতে এমনটি আগে কখনও ঘটে নি। চল্লিশোর্ধ্ব রাজনৈতিক দল বিএনপি এ বছর প্রথম সবচেয়ে ছোট বিরোধীদল হিসেবে সংসদে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে জিতেও সংসদ সদস্য হন নি, এমন ঘটনাও নজিরবিহীন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় দীর্ঘ ২৮ বছর পর। এতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক ভিপি নির্বাচিত হন। তবে, ডাকসু’র জিএস’সহ অন্য পদগুলোতে ছাত্রলীগের প্রার্থীরা বিজয়ী হন।
২০১৯ সালের শেষ দিকে রাজাকারের তালিকা নিয়ে তোলপাড় দেখা দেয়। বিজয় দিবস উদযাপনের আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকার-আলবদরসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইবুনালের প্রধান আইনজীবিসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম চলে আসলে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়।