দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫৪ জন ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া হত্যাচেষ্টার শিকার হয়েছেন ৪২৪ জন, জখম ও আহত হয়েছেন ৩৬০ জন। এখনও নিখোঁজ রয়েছেন ৬২ জন এবং হত্যার হুমকি পেয়েছেন ৮৪৯ জন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করেন জোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
প্রতিবেদনে বলা হয়, গত বছর সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ক্ষতি হয়েছে ২২০ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা। এর মধ্যে চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে ২৭ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা। মন্দির লুট হয়েছে ৩১৯টি। বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৮৯১টি, অগ্নিসংযোগ করা হয়েছে ৫১৯টি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর হয়েছে ১৭৩টি। দখল করে নেওয়া হয়েছে ৮৯ হাজার ৯৯০ একর ৬৩ শতাংশ জমি। এ ছাড়া গত বছর দুর্গাপূজায় ৩৫টি হামলায় ৯১টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
এতে আরও বলা হয়, দেশে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিবছর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন বাড়লেও ২০২২ সালে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতন কমেছে। প্রতিমা ভাঙচুর, জমি দখলসহ কিছু ক্ষেত্রে নির্যাতন কমেছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহাজোটের নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, সভাপতিমণ্ডলীর সদস্য অভয় কুমার রায়, যুগ্ম মহাসচিব সুজন দে, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, তথ্য ও গবেষণা সম্পাদক প্রদীপ চন্দ্র, ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক সুমন সরকার, দপ্তর সম্পাদক কল্যাণ মণ্ডল, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি লাকী বাছাড়, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি গৌরাঙ্গ মণ্ডল, সাধারণ সম্পাদক তোলন চন্দ্র পাল, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ শঙ্কর এবং নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু।
এ সময় তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্প্রতিষ্ঠা করা, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং একটি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করা।